উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করেছেন শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর শুরু হওয়া এ শোকযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোক ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অতিক্রম করে।
সরেজমিনে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরিধান করেন। তারা কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে মাতম করেন এবং শোকগাথা ও ধর্মীয় স্লোগান দিতে থাকেন। অনেকের হাতে ছিল প্রতীকী তাজিয়া, আলাম, নিশান ও অন্যান্য ধর্মীয় প্রতীক, যা কারবালার স্মৃতিকে তুলে ধরে।
নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে সকাল থেকেই হোসেনি দালান এলাকায় শোকের আবহ বিরাজ করে। ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শোকযাত্রাটি হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হোসেনি দালান ও আশপাশের এলাকাসহ গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
প্রতিবছর পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে এ তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য এবং সঙ্গীদের শাহাদাতের স্মরণে শিয়া সম্প্রদায় এই শোকযাত্রার আয়োজন করে।