উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিন মাসের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে প্রশংসায় ভাসছেন সুইডেনের জলবায়ুমন্ত্রী রোমিনা পোরমোখতারি। তার এই পদক্ষেপকে কর্মজীবন ও পারিবারিক জীবনের ভারসাম্যের একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের জলবায়ুবিষয়ক বৈঠকে তিন মাস বয়সী ছেলে আদামকে সঙ্গে নিয়ে উপস্থিত হন তিনি। ইইউ কাউন্সিলের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মন্ত্রী পর্যায়ের এমন বৈঠকে কোনো শিশুর অংশগ্রহণের ঘটনা এটিই প্রথম।
রোমিনা পোরমোখতারি জানান, তিনি ইচ্ছাকৃতভাবেই সন্তানকে সঙ্গে নিয়ে বৈঠকে গিয়েছিলেন। এর মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন, কার্যকর মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা থাকলে নারীদের কর্মজীবন ও পরিবার—দুটির মধ্যে কোনো একটিকে বেছে নিতে হয় না।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরিবার ও পেশাজীবন একসঙ্গে সামলানো সম্ভব। তবে এর জন্য দায়িত্ব ভাগাভাগি করতে আগ্রহী এবং আধুনিক মানসিকতার একজন জীবনসঙ্গীর ভূমিকা গুরুত্বপূর্ণ।
২০২২ সালে মাত্র ৩০ বছর বয়সে সুইডেনের ইতিহাসের সর্বকনিষ্ঠ জলবায়ুমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন রোমিনা পোরমোখতারি। সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি শেষ করে তিনি কর্মস্থলে ফিরেছেন। অন্যদিকে তার স্বামী এখনো পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং আগামী সেপ্টেম্বরের জাতীয় নির্বাচন পর্যন্ত সন্তান আদামের দেখাশোনার দায়িত্ব পালন করবেন। বৈঠকের সময় তিনিও লুক্সেমবার্গে উপস্থিত ছিলেন।
বিশ্বের অন্যতম উদার মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে সুইডেনে। দেশটিতে বাবা-মা মিলিয়ে প্রায় ১৬ মাসের বেতনসহ ছুটি দেওয়া হয়। এর মধ্যে ৯০ দিন শুধু বাবার জন্য এবং ৯০ দিন শুধু মায়ের জন্য নির্ধারিত। এই নির্ধারিত অংশ একে অপরের কাছে হস্তান্তর করা যায় না; ব্যবহার না করলে তা বাতিল হয়ে যায়। বাবাদের সন্তান লালন-পালনে আরও সক্রিয় করতে এই ব্যবস্থাকে অনেকেই ‘বাবাদের মাস’ নামে অভিহিত করেন।
রোমিনা বলেন, পরিবারবান্ধব নীতি শুধু দীর্ঘ ছুটি নিশ্চিত করলেই যথেষ্ট নয়। সরকারগুলোর উচিত বাবা-মায়ের মধ্যে ছুটি আরও নমনীয়ভাবে ভাগ করে নেওয়ার সুযোগ সৃষ্টি করা এবং সাশ্রয়ী শিশু পরিচর্যা ব্যবস্থা নিশ্চিত করা। এতে শুধু পরিবার নয়, কর্মক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে এবং বাবা-মায়ের মানসিক চাপ কমে।
পোল্যান্ডের উপ-জলবায়ুমন্ত্রী ক্রিশতোফ বোলেস্তা বিষয়টিকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, বৈঠকে একটি শিশু উপস্থিত থাকায় কোনো সমস্যা হয়নি; বরং এটি জীবনেরই একটি স্বাভাবিক অংশ।