উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকার একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে কাঁটাবনের আল-বারাকা টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একাধিক ইউনিটের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
নিহতরা হলেন জনি মিয়া (২৫) ও আব্দুল সালাম (১৯)।
ফায়ার সার্ভিস জানায়, ১৪ তলা ভবনটির ১২তম তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে পলাশী ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
পরে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভোর ৫টা ৪০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
উদ্ধার অভিযান চলাকালে ভবন থেকে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস তদন্ত শেষে বিস্তারিত জানাবে।