উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিসিবির পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির তহবিল বন্ধ এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। তবে তিনি এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয়। এরপর থেকেই তিনি নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আসছেন।
শুক্রবার (২৬ জুন) কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এক ভিডিও বার্তায় আমিনুল বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যে কথা।”
তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি, আইনজীবীর মাধ্যমে আইসিসিতে পাঠানো একটি চিঠির অনুলিপির অংশ তাদের হাতে এসেছে, যেখানে আমিনুল ইসলাম বুলবুলের স্বাক্ষর রয়েছে।
প্রকাশিত চিঠির একটি অংশে বলা হয়েছে, নির্বাচিত বোর্ড পুনর্বহাল না হওয়া পর্যন্ত বিসিবির জন্য বরাদ্দ আইসিসির সব তহবিল এসক্রো (শর্তসাপেক্ষে স্থগিত) হিসেবে রাখার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের ৭ জুনের নির্বাচনের ভিত্তিতে গঠিত বোর্ডকে কোনো ধরনের আইসিসি তহবিল না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চিঠির আরেক অংশে বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, রাজনৈতিকভাবে প্রভাবিত ভোটার তালিকার মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচন আইসিসির সংবিধানের পরিপন্থী বলে অভিযোগ রয়েছে। সেখানে নির্বাচিত বোর্ড পুনর্বহালের দাবি জানানো হয় এবং তা না হলে আইসিসির বিধান অনুযায়ী বিসিবির পূর্ণ সদস্যপদ স্থগিত, তহবিল জব্দ এবং আইসিসির টুর্নামেন্ট থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ার মতো ব্যবস্থা বিবেচনার অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।