উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইতালির রাজধানী রোমে নিজ বাসায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের ১৮ বছর বয়সী বড় ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পরিচিত এক বাংলাদেশি নাগরিককে খুঁজছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী।
নিহতরা হলেন ৩৯ বছর বয়সী কামাল উদ্দিন, তার ৩৮ বছর বয়সী স্ত্রী আরজু এবং তাদের ছয় বছর বয়সী মেয়ে অ্যালিসিয়া।
রোমের কাসালোত্তি এলাকার অরেলিও জেলার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। আহত অয়নকে উদ্ধার করে পলিক্লিনিকো জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তার শরীরে একাধিক আঘাত থাকলেও তিনি শঙ্কামুক্ত।
ঘটনার তদন্ত করছে রোম পুলিশ সদর দপ্তরের মোবাইল স্কোয়াডের হোমিসাইড ইউনিট। তদন্তকারীরা নিহতদের স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ এবং নিহতদের মোবাইল ফোনের তথ্যও পর্যালোচনা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে ঘটনাস্থলের দেয়ালে রক্তাক্ত হাতের ছাপ পাওয়া গেছে। তদন্তকারীদের ধারণা, নিহতরা সম্ভবত পরিচিত কাউকে নিজেরাই বাসায় প্রবেশের সুযোগ দিয়েছিলেন।
ইতালির পুলিশ ও কারাবিনিয়েরি বাহিনী এক বাংলাদেশি নাগরিককে খুঁজছে, যিনি নিহত পরিবারের পরিচিত বলে তদন্তে উঠে এসেছে। তদন্তকারীদের সন্দেহ, ওই ব্যক্তি ধারালো অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছেন। তবে এখন পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত বা দোষী ঘোষণা করা হয়নি।
সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় একটি সুপারমার্কেটে কর্মরত বলে জানা গেছে। একই সুপারমার্কেট চেইনে কাজ করেন আহত অয়নও।
হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্তকারীরা সম্ভাব্য আর্থিক বিরোধসহ বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।
রোমের পাবলিক প্রসিকিউটরস অফিসের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: ইল সোল ২৪ ওরে।