উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাজারে চালসহ সব ধরনের নিত্যপণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় করবে। তার মতে, বাজেট বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, “আগে ব্যাংক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল, এখন তা পুনর্গঠনের কাজ চলছে। জ্বালানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে মূল্যস্ফীতি আরও কমবে।”
নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কথা উঠেছে চালের দাম বেড়েছে, কিন্তু আমরা বাজারে দেখেছি দাম স্থিতিশীল রয়েছে। হঠাৎ করে দাম বাড়ার যে ধারণা দেওয়া হয়, তা সঠিক নয়।”
তিনি আরও বলেন, দেশে এখন আঙুর, স্ট্রবেরি ও অ্যাভোকাডোর মতো উচ্চমূল্যের ফসলও চাষ হচ্ছে, যা কৃষি খাতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।
জনপ্রশাসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আবদুল বারী বলেন, নিয়োগ ও পদায়নে সততা, দক্ষতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার দাবি, একটি দক্ষ প্রশাসন ছাড়া বাজেটের সঠিক বাস্তবায়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, বাজেটের অর্থ যাতে অপচয় না হয় সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। সঠিকভাবে অর্থ ব্যবহার হলে কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।