উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর বালাসুর এলাকায় অভিযান চালিয়ে মো. রিফাত হোসেন (২৩)-কে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর বালাসুর এলাকার আব্দুর রহিম মৃধার ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর বাবা-মা প্রবাসে থাকায় তিনি বাড়িতে থাকতেন। সেই সুযোগে সম্পর্কে মামাতো ভাই রিফাত হোসেন তাকে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, "বিশেষ অভিযানে এজাহারভুক্ত আসামি রিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।"