উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে প্রণীত ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে আইনটি আরও কার্যকর করতে শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ এবং কারাদণ্ড-সংক্রান্ত বিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীজন (স্টেকহোল্ডার) ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনটিকে যুগোপযোগী ও আরও কার্যকর করতে সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানা এবং কারাদণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনি বিধান সংযোজন করা হবে।
এদিকে একই অধিবেশনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের রাজনৈতিক বিবেচনা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়েও কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে।
মন্ত্রী আরও জানান, প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের ভাতার আওতায় আনতে এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান পরিচালিত হচ্ছে। এ লক্ষ্যে ভাতাভোগীদের বর্তমান তালিকা পুনরায় যাচাইয়ের জন্য গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি মাঠপর্যায়ে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করছে।