উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ী আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুন মাসে সরকারকে এ বকেয়া পরিশোধ করা হয়।
রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিএল এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে দীর্ঘদিনের এ বকেয়া নিষ্পত্তির উদ্যোগ নেয় বর্তমান ব্যবস্থাপনা। এরই ধারাবাহিকতায় সরকারকে এককালীন ২৯ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
বিএসসিএলের মতে, অতীতের আর্থিক দায় পরিশোধের এ উদ্যোগ প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি এটি প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতেও সহায়ক হবে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. ইমাদুর রহমান বলেন, "দায়িত্ব গ্রহণের পর থেকেই বিএসসিএলের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতের যেসব আর্থিক দায় অনিষ্পন্ন ছিল, সেগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। চার অর্থবছরের অনাদায়ী আয়কর পরিশোধ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সাফল্য অর্জন নয়, বরং বিএসসিএলকে একটি জবাবদিহিমূলক, টেকসই ও সুশাসনভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করা।"
বিএসসিএল জানায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্থবছরে মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং মোট ব্যয় ২০৬ কোটি ৭৭ লাখ টাকা। ফলে নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।