উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীটির ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি), উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।
রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মোশারফ হোছাইনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি প্রলয় চিসিমকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) নোয়াখালীতে পাঠানো হয়েছে। মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুরে এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র্যাবে, একেএম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আল মামুনকে এপিবিএন-২ এর অধিনায়ক হিসেবে এবং সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়ায় বদলি করা হয়েছে।
এছাড়া মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদায় পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) পর্যায়ে কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তরে, মো. জাহিদুর রহমানকে বিপিএ সারদায়, সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।