উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ পৌরসভার কর (ট্যাক্স) বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আগামীকাল সোমবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন পৌরবাসী।
কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ পৌরসভার অস্থায়ী কার্যালয় (শিশুপার্ক সংলগ্ন) সামনে শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের অভিযোগ, নাগরিক সেবার দৃশ্যমান উন্নয়ন ছাড়াই সম্পত্তির পুনর্মূল্যায়নের অজুহাতে পৌর কর অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। এতে সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও বাড়ির মালিকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
তাদের দাবি, কর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আপত্তি জানিয়ে আলোচনার মাধ্যমে যৌক্তিক হারে কর নির্ধারণের অনুরোধ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় কর বৃদ্ধি প্রত্যাহার এবং কর নির্ধারণে স্বচ্ছতা ও যৌক্তিকতা নিশ্চিত করার দাবিতে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। তারা কর্মসূচিতে মুন্সীগঞ্জ পৌরসভার সর্বস্তরের নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌর প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।