উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অসুস্থ হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় রেফার করা হয়।
সোমবার (২৯ জুন) ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দীপু মনি কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থা খুব বেশি সংকটাপন্ন না হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, দীপু মনি আগে থেকেই এসব রোগে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হয়। সোমবার রাত দেড়টার দিকে তিনি অসুস্থ বোধ করলে তাৎক্ষণিকভাবে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় স্থানান্তর করা হয়।
ডা. দীপু মনি চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার হন দীপু মনি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, দুর্নীতি এবং মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে অন্তত ৩৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।