উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিন বছরের প্রেমের সম্পর্ক, পরবর্তীতে গর্ভধারণ ও গর্ভপাতের ঘটনায় জটিলতা থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার কিশোরী প্রেমিকার বিরুদ্ধে। এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) চৌদ্দগ্রাম উপজেলার হাজী এনামুল হকের ছেলে। গ্রেপ্তার হওয়া কিশোরীর নাম নাঈমা জাহান (১৫)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়াম ও নাঈমার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একপর্যায়ে নাঈমা গর্ভবতী হলে প্রেমিক সিয়াম বিয়ের আশ্বাস দিয়ে তাকে গর্ভপাত করতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে। তবে এরপর বিয়ের কথা উঠলেই সিয়াম নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
এতে ক্ষোভ তৈরি হয় নাঈমার মধ্যে।
রোববার রাতে নাঈমা গোপনে সিয়ামের বাড়িতে যান। সেখানে তারা একসঙ্গে রাত্রিযাপন করেন। ভোরে বিয়ে নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন নাঈমা।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।