উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত বিদেশি কর্মীদের বিষয়ে নতুন সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া (Qiwa) প্ল্যাটফর্ম।
সোমবার (২৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে নবায়ন করা হয়নি, তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হবে।
৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা অন্য প্রতিষ্ঠানে চাকরি স্থানান্তরের সুযোগ পাবেন। এরপর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।
কিওয়ার তথ্য অনুযায়ী, কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় ধরে শেষ হয়ে থাকলে তাকে প্রতিষ্ঠানের কর্মী তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে।
তবে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মীকে যতদিন কাজ করানো হয়েছে, সেই সময়ের সব সরকারি ফি ও আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে। অন্যথায় আইনি জটিলতা ও অতিরিক্ত আর্থিক দায়ের মুখোমুখি হতে হতে পারে।
নতুন নিয়মে একটি ব্যতিক্রম রাখা হয়েছে। কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও তার ইকামা (আবাসিক অনুমতিপত্র)-এর মেয়াদ যদি অন্তত ১৮০ দিন অবশিষ্ট থাকে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।
তবে ইকামার মেয়াদ ১৮০ দিনের কম থাকলে নিয়োগকর্তাকে একই সঙ্গে ইকামা ও ওয়ার্ক পারমিট উভয়ই নবায়ন করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
কিওয়া জানিয়েছে, তিন মাসের বেশি সময় ধরে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মরত প্রবাসী কর্মীদের নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। তাই নিয়োগকর্তাদের দ্রুত বকেয়া ফি পরিশোধ, ওয়ার্ক পারমিট নবায়ন অথবা কর্মীকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে তাদের কর্মসংস্থানের বৈধতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।