উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। এখনো শিশুটির অভিভাবক বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শিশুর কান্নার শব্দ শুনতে পান একজন আয়া। পরে তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানান। নার্সরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপের পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধার করার পরপরই নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি জীবিত রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। তিনি বলেন,
“আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি। শিশুটির সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে ময়লার স্তূপে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।