উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেনীর দাগনভূঞা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জনি ওই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একাধিক আপত্তিকর পোস্ট দেন, যা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং উত্তেজনার সৃষ্টি করে। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা তাকে ঘেরাও করে পুলিশে খবর দেন। পরে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার ফেসবুক আইডি ও মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে স্ক্রিনশট এডিট করা হয়েছে—এমন দাবিও করেছেন তিনি।
স্থানীয় সূত্র আরও জানায়, অভিযুক্ত যুবক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিষয় নিয়ে সমালোচনামূলক পোস্ট করতেন এবং বর্তমানে বেকার।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন।