উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভাঙার পর মিলেছে বাঁশ ব্যবহারের প্রমাণ; জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ার পর ব্রিজটির একটি অংশ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার বারপাইকা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক ও উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের অর্থায়নে রুহুল আমিনের বাড়ির সামনে নির্মাণাধীন ব্রিজটির ঢালাই কাজে নানা অনিয়ম করা হয়। সরকারি নকশা অনুযায়ী ঢালাইয়ের পুরুত্ব ৫ ইঞ্চি হওয়ার কথা থাকলেও সেখানে প্রায় সাড়ে ৩ ইঞ্চি ঢালাই করা হয়। এছাড়া নির্ধারিত দূরত্ব অনুযায়ী রড ব্যবহারের পরিবর্তে কম সংখ্যক রড ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদার অতিরিক্ত কয়েকটি রড ব্যবহার করেন। একই সঙ্গে সিমেন্টের পরিমাণ কম থাকায় স্থানীয়রা নিজেরাই অতিরিক্ত পাঁচ বস্তা সিমেন্ট কিনে দেন। পরে ব্রিজের উত্তর অংশে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই করা হয় বলে অভিযোগ রয়েছে।
গত ১৬ এপ্রিল বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসন তদন্ত শুরু করে। তদন্ত শেষে সোমবার ব্রিজটির উত্তর পাশের অংশ ভেঙে ফেলা হয়। ভাঙার সময় সেখানে রডের সঙ্গে বাঁশের কঞ্চি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ব্রিজের অংশবিশেষ অপসারণের পর রডের পাশাপাশি বাঁশের কঞ্চি ব্যবহারের প্রমাণ মিলেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্মাণকাজে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।