উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ভাটারা থানার ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন জেবুন্নেসা আফরোজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তার উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানীর করা গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গত ২৮ জুন ভাটারা থানার এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী রবিউল ইসলাম। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন।
ঘটনার পর একই বছরের ২৫ ডিসেম্বর ভুক্তভোগী রবিউল ইসলাম বাদী হয়ে ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
জেবুন্নেসা আফরোজ ২০২৫ সালের ১৬ মে গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন।