উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডের পেছনে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
তিনি দাবি করেন, অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মাসুদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রাঙ্গুনিয়ায় নিহত মাসুদের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত এবং এর পেছনে অর্থদাতা ও মূল পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
তিনি রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে চিরুনি অভিযান পরিচালনারও দাবি জানান।
হুমাম কাদের চৌধুরী বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি একটি স্থায়ী র্যাব ক্যাম্প স্থাপন প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি জানান, বিষয়টি তিনি জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। সরকারের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন।
গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী বাজার এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ।
ঘটনার পর নিহতের পরিবার ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত এবং পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান এখনো চলমান রয়েছে।