উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের একজন এএসপিকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামির নাম ফজলুর রহমান। তিনি পুলিশের একজন সহকারী পুলিশ সুপার (এএসপি)। গতকাল রাতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে পিরোজপুরের সুখরঞ্জন বালি অপহৃত হন। পরে তাকে ভারতের একটি কারাগারে পাওয়া যায়, যেখানে তিনি প্রায় পাঁচ বছর আটক ছিলেন।
পরে ২০২৫ সালের ২২ আগস্ট সুখরঞ্জন বালি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।