উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচনি কর্মযজ্ঞ শুরু হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় দলীয়ভাবে প্রতীক ব্যবহারের সুযোগ নেই। তবে মাঠপর্যায়ে নিজেদের অবস্থান সংহত করতে ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
দলটির নীতিনির্ধারকদের সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী সমর্থনের লক্ষ্যে ইতোমধ্যে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। তফসিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করে স্থানীয়ভাবে একক প্রার্থীকে সমর্থন দেবে দলটি।
সূত্র আরও জানায়, কুরবানির ঈদের পর সম্ভাব্য প্রার্থীদের শোডাউন এবং মাঠপর্যায়ের তৎপরতা বিশ্লেষণ করা হচ্ছে। এতে ‘বিদ্রোহী প্রার্থী’ জটিলতা এড়াতে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, নির্বাচন নিয়ে আগাম প্রস্তুতি থাকলেও এখনই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে না। তফসিল ঘোষণার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, জাতীয় নির্বাচনের পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা এলাকায় সক্রিয় রয়েছেন। পোস্টার, ফেস্টুন এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
এদিকে, স্থানীয় সরকার বিভাগে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদের কেউ কেউ জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে। বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে নির্বাচন শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়ে ধাপে ধাপে অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘদিন নির্বাচন না থাকায় স্থবিরতা তৈরি হয়েছিল, তবে এখন সব দলই প্রস্তুত রয়েছে এবং সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হলে অংশগ্রহণের জন্য তারা প্রস্তুত।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং জনগণের আস্থা অর্জনে কাজ করছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতির কথা জানিয়েছেন স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় কাজ করছেন এবং সাধারণ মানুষের পাশে আছেন।
এদিকে বিএনপির একাধিক নেতা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত ও এনসিপির আগাম প্রস্তুতি বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাদের মতে, অনেক এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থী সক্রিয় থাকায় অভ্যন্তরীণ সমন্বয় জরুরি হয়ে পড়েছে।
তবে দলীয় নেতাদের দাবি, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে স্থানীয় সরকার পর্যায়ে ভালো ফলাফল অর্জন সম্ভব হবে।