উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন যখন নিউইয়র্কে চলছে, ঠিক তখনই হলিউড তারকা দম্পতি ব্লেক লাইভলি ও রায়ান রেনল্ডসকে শহরের বাইরে দেখা গেছে।
টিএমজেড প্রকাশিত ছবিতে দেখা যায়, ব্লেক লাইভলি ও রায়ান রেনল্ডস নিউইয়র্ক অঙ্গরাজ্যের লেক প্ল্যাসিডে তাদের ছয় বছর বয়সী মেয়ে বেটির ঘোড়দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বেটি দ্বিতীয় স্থান অর্জন করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।
ব্লেককে হালকা পোশাকে এবং রায়ানকে সাদামাটা টি-শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়। তারা মেয়ের প্রতিযোগিতা উপভোগ করতে সময় কাটান।
এদিকে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের রিহার্সাল ডিনারে উপস্থিত ছিলেন সেলেনা গোমেজ, গিগি হাদিদ, এরিন অ্যান্ড্রুজসহ অনেক তারকা। তবে সেখানে ব্লেক লাইভলি ও রায়ান রেনল্ডসের অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে পেজ সিক্স-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, অভিনেত্রী ব্লেক লাইভলিকে টেইলর সুইফট তার বিয়েতে আমন্ত্রণ জানাননি। প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, ব্লেকের সঙ্গে টেইলরের সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি এবং তাদের বন্ধুত্বে দূরত্ব তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই দূরত্বের পেছনে রয়েছে ব্লেক লাইভলির সঙ্গে অভিনেতা ও পরিচালক জাস্টিন বালদোনির দীর্ঘ আইনি বিরোধ। সেই মামলায় টেইলর সুইফটের নাম জড়িয়ে পড়ায় তিনি পরিস্থিতিতে বিব্রত হন এবং কিছুটা দূরত্ব বজায় রাখেন বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ের অনুষ্ঠানে এক হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকতে পারেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে বিয়ে বা অতিথি তালিকা নিয়ে এখনো সুইফট বা কেলসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেওয়া হয়নি।