উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬ সালের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে জুমার নামাজের বিরতির পর সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দিয়েছেন। এতে ভোটের হার দাঁড়িয়েছে প্রায় ৮৪ শতাংশ।
সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে শিল্পীদের উপস্থিতি বাড়ে।
জ্যেষ্ঠ শিল্পীদের মধ্যে ভোট দেন অভিনেতা আবুল হায়াত, চিত্রনায়ক আলমগীর, সোহেল রানা, উজ্জ্বল, অভিনেত্রী আনোয়ারা, সুজাতা ও ডলি জহুর।
তবে ভোটকেন্দ্রে দেখা যায়নি ঢাকাই চলচ্চিত্রের ‘তিন কন্যা’খ্যাত তিন বোন—সুচন্দা, ববিতা ও চম্পাকে। পাশাপাশি বর্তমান সময়ের জনপ্রিয় অনেক তারকাও ভোট দিতে আসেননি। অনুপস্থিতদের মধ্যে ছিলেন শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, ইমন, নিরব, অপু বিশ্বাস, পরীমনি ও শবনম বুবলী। সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহার করা বাপ্পারাজকেও ভোটকেন্দ্রে দেখা যায়নি।
অন্যদিকে চিত্রনায়ক অনন্ত জলিল, বাপ্পী চৌধুরী ও ইয়াশ রোশান ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে সভাপতি পদে লড়ছেন ফাইট ডিরেক্টর ও প্রযোজক আরমান এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলে সভাপতি পদে রয়েছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জয় চৌধুরী।
আরমান–মুক্তি প্যানেলের সহসভাপতি পদে রয়েছেন নূতন ও ইলিয়াস কোবরা। শিবা–জয় প্যানেলের সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রোজিনা ও ডি এ তায়েব।
উল্লেখ্য, গত মেয়াদের সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদে নির্বাচন করছেন না।