উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, মন্ত্রী, সংসদ সদস্য এবং বিদেশি কূটনীতিকরা।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই স্মরণসভার আয়োজন করা হয়। ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রক্তাক্ত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনের মূলমন্ত্র নির্ধারণ করা হয়েছে “সবার আগে বাংলাদেশ”।
অনুষ্ঠানের মূল মঞ্চের ব্যানারে লেখা ছিল—“গর্বিত ইতিহাস, অদম্য চেতনা ৪ জুলাইয়ের এই দিনে হোক সবার অনুপ্রেরণা, যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে।”
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের।
কর্মসূচির শুরু হবে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে, যা চলবে ৩ আগস্ট পর্যন্ত।