উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধার-দেনা ও সুদের টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পক্ষের দাবি, প্রায় পাঁচ বছর আগে আনসার আলী দেওয়ানের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেওয়া হয়। পরে সুদসহ মোট ৮০ হাজার টাকা পরিশোধ করা হলেও আরও ১৪ হাজার টাকা দাবি করা হয়। ওই অতিরিক্ত টাকা পরিশোধ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে রূপ নেয়।
পরবর্তীতে বিরোধ আরও বড় আকার ধারণ করলে দুই পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র, লোহার রড ও কাঠের লাঠি নিয়ে কালিকচ্ছ বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আনসার আলী দেওয়ান, মো. রিয়াদ, মোহাম্মদ রিফাত, মো. আসিফ (২৮), মোহাম্মদ সাকিবসহ অজ্ঞাতনামা ১০–১৫ জনের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। হামলায় মো. আল আমিন (৩৫), রহিমা বেগম (৬০), শিশির শীলা (২৮), সখিনা বেগম, তুয়াসিন (২০), মেহেদী ও মাহি (২১)সহ কয়েকজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “গতকাল শুক্রবার রাত ১০টায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”