উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরের সিংড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রহমত নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ইতালি ইউনিয়নের রাতাল ব্যাকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহমত বন্ধুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে পুকুরপাড়ে গেলে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায়। পরে তার সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দীর্ঘ সময় ধরে পুকুরে খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে রহমতকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত রহমত উপজেলার ইতালি ইউনিয়নের রাতাল গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।