উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী একটি ফ্লাইটকে ঘিরে রহস্যজনক একটি ঘটনা ঘটেছে। বোর্ডিং পাস ও ইমিগ্রেশন সম্পন্ন করার পরও শেষ মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৬ ফ্লাইটে ওঠেননি ৭১ জন যাত্রী।
বিমানটি শনিবার (৪ জুলাই) রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। মোট ২৪৫ জন যাত্রীর মধ্যে শেষ পর্যন্ত ৭৬ জন বিমানে ওঠেননি বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বোর্ডিং গেটে পাঁচজন যাত্রীর ই-ভিসা জাল বলে শনাক্ত হয়। এরপর বিষয়টি জানাজানি হলে বোর্ডিং লাইনে থাকা আরও কয়েকজন যাত্রী সরে যান। পরে অনেকেই ইমিগ্রেশনের প্রস্থান সিল বাতিল করে দেশে ফিরে আসেন।
সব মিলিয়ে অন্তত ৭১ জন যাত্রী শেষ মুহূর্তে ফ্লাইটে না ওঠার সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্টদের ধারণা, তারা সবাই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন এবং একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেখানে গিয়ে অবস্থান দীর্ঘ করার পরিকল্পনা থাকতে পারে।
সূত্র আরও জানায়, ওই যাত্রীদের বোর্ডিং পাস চেক-ইন কাউন্টার থেকে “ভেরিফায়েড” হিসেবে ইস্যু করা হয়েছিল। পরে ইমিগ্রেশনেও তারা অনুমতি পান। তবে বোর্ডিং গেটে গিয়ে ভিসা যাচাইয়ে অনিয়ম ধরা পড়ে।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে—একাধিক যাচাই প্রক্রিয়া থাকার পরও কীভাবে সন্দেহভাজন জাল ভিসাধারীরা চেক-ইন ও ইমিগ্রেশন পার হয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছালেন।
এদিকে ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।