উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়, এটি বাংলাদেশের সব মানুষের সম্মিলিত অর্জন—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনে মানুষ দল-মত ভুলে রাস্তায় নেমে এসেছিল এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তারা জীবন দিয়েছে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করা হয়।
তারেক রহমান বলেন, যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই দেশের আইন অনুযায়ী হতে হবে। তবে বিচার যেন প্রতিশোধমূলক না হয়ে ন্যায়বিচারের ভিত্তিতে হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে সময় লাগলেও সঠিক বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশের লক্ষ্য হওয়া উচিত এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে নাগরিকরা তাদের ন্যায্য অধিকার ও সম্মান পাবে এবং একটি নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে।
জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বিভাজন নয়, ঐক্য প্রয়োজন। যারা বাংলাদেশের অস্তিত্ব ও অগ্রগতিতে বিশ্বাস করে, তাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তব্যের এক পর্যায়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে তার পরিবার ও সহকর্মীরা নানা ধরনের নির্যাতন ও কষ্টের মধ্য দিয়ে গেছেন। তবে প্রতিশোধ নয়, দেশকে এগিয়ে নেওয়াই হওয়া উচিত মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, তিনি অনেক সহকর্মীকে হারিয়েছেন এবং অনেকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার মানসিক ও শারীরিক প্রভাব এখনো রয়েছে।