উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকায় মাইক্রোবাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে টঙ্গীবাড়ীগামী একটি মাইক্রোবাস প্রথমে নিমতলা এলাকায় একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে গাড়িটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে আবারও সিমনপাড়া এলাকায় আরও একটি সংঘর্ষ ঘটে।
এরপর মাইক্রোবাসটি দ্রুতগতিতে এগিয়ে গিয়ে পূর্ব ইছাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি ভয়াবহভাবে দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে।
দুর্ঘটনায় চালকসহ মোট ৭ জন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ যাচাই করা হচ্ছে।