বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।
রোববার (৫ জুলাই) দুপুরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্পেনের রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ বলে জানা গেছে।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় করা হয়।
আলোচনায় জাতীয় নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট, রোহিঙ্গা ইস্যু এবং সম্ভাব্য সমাধান নিয়েও মতবিনিময় হয়। এছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, সংস্কার এবং ‘জুলাই জাতীয় সনদ’ নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে স্পেনের অবস্থানের প্রশংসাও করেন তিনি।
স্পেনের রাষ্ট্রদূতও বলেন, বাংলাদেশ ও স্পেনের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বহুমাত্রিক হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।