উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী শনিবারের মধ্যে দেশের সব ক্লিনিকে নরমাল ডেলিভারির জন্য পৃথক ডেলিভারি রুম নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) উৎসাহিত করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, একসময় গ্রামাঞ্চলে অভিজ্ঞ দাইয়ের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচলন ছিল। সময়ের পরিবর্তনের সঙ্গে সেই ব্যবস্থা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন প্রয়োজন দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে নিরাপদ নরমাল ডেলিভারি নিশ্চিত করা।
তিনি বলেন, বর্তমানে দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। চিকিৎসাগত প্রয়োজন ছাড়া সিজারিয়ান নিরুৎসাহিত করে স্বাভাবিক প্রসবের পরিবেশ তৈরি করতে হবে।
মন্ত্রী আরও বলেন, নবজাতকের পুষ্টি ও মাতৃস্বাস্থ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু জন্মের পর দ্রুত মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বলেন, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা ছাড়া একটি সুস্থ ও উৎপাদনশীল জাতি গড়ে তোলা সম্ভব নয়।
সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশের স্বাস্থ্যসেবা জোরদারে সারাদেশে প্রায় ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং তাঁদের একটি বড় অংশ মিডওয়াইফ হিসেবে কাজ করবেন।