উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসমানিরচর রক্ষায় স্থায়ী প্রকল্পের উদ্যোগের কথা জানালেন সংসদ সদস্য
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর এলাকায় নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
বুধবার (৮ জুলাই) দুপুরে ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে এমপি কামরুজ্জামান রতন দেলোয়ার মিয়ার বাড়ি এলাকা থেকে জেলেপাড়া পর্যন্ত নদীতীরের ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
তিনি জানান, ইসমানিরচর এলাকাকে স্থায়ীভাবে নদীভাঙনের হাত থেকে রক্ষার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধমূলক কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নদীর তীব্র স্রোত ও বর্ষার পানির কারণে এলাকাটিতে ভাঙনের ঝুঁকি বেড়েছে। মানুষের জানমাল রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, বর্ষা মৌসুমে নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় ইসমানিরচর এলাকায় ভাঙন তীব্র হয়েছে। নদীর তীরবর্তী বসতঘর, ফসলি জমি ও গাছপালা ক্ষতির ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা এলেই নদীভাঙনের আতঙ্কে থাকতে হয়। অনেক পরিবার অতীতে কয়েকবার বসতভিটা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। নদীগর্ভে কৃষিজমি বিলীন হওয়ায় অনেক পরিবার জীবিকা সংকটে পড়েছে।
স্থানীয়রা নিজেদের উদ্যোগে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে তা স্থায়ী সমাধান দিতে পারছে না বলে জানান তারা।
এলাকাবাসী জানান, অস্থায়ী ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করা জরুরি। এতে শতাধিক পরিবারের বসতভিটা, কৃষিজমি ও সম্পদ রক্ষা করা সম্ভব হবে।
সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, ইসমানিরচরের নদীভাঙন রোধে জরুরি কাজ শুরু করা হবে। পাশাপাশি স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন ও মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, সংসদ সদস্যের সহধর্মিণী নূরে জান্নাত রশ্নি, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।