উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিবেশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের স্বীকৃতি, প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করলেন সম্মাননা
পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এ সম্মাননা তুলে দেন।
এর আগে গত ৭ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে অধ্যাপক ড. আবদুস সালামকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’-এর জন্য মনোনীত করা হয়।
অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রায় ২৫ বছর ধরে তিনি বায়ুদূষণ, বায়ুমণ্ডলীয় বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, পরিবেশ এবং জনস্বাস্থ্য নিয়ে গবেষণা করে আসছেন। তার গবেষণায় বাংলাদেশের বায়ুদূষণের উৎস চিহ্নিতকরণ, বায়ুর মান উন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য বৈজ্ঞানিক সাময়িকীতে অধ্যাপক ড. আবদুস সালামের বহু গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি ১৫০টিরও বেশি স্নাতকোত্তর ও গবেষণা থিসিস তত্ত্বাবধান করেছেন।
জাতীয় পরিবেশ পদকে ভূষিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সহকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।