উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে। যদিও দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি, তবে বিভিন্ন সময় তাদের কর্মকাণ্ড ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।
জাহ্নবী ও শিখরের পরিচয় বেশ পুরোনো। কিশোর বয়স থেকেই একে অপরকে চেনেন তারা। ২০১৬ সালের দিকে প্রথম তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরে ২০১৮ সালে জাহ্নবীর প্রথম সিনেমা ‘ধড়ক’ মুক্তির পর তাদের বিচ্ছেদের খবরও সামনে আসে।
তবে ২০২৩ সালের পর থেকে আবারও একসঙ্গে দেখা যেতে থাকে তাদের। বিভিন্ন অনুষ্ঠান, ছুটি কাটানোর মুহূর্ত এবং অনন্ত আম্বানির বিয়ের আয়োজনেও তাদের উপস্থিতি নিয়ে আলোচনা হয়।
এর আগে ২০২৪ সালে বাবা বনি কাপুরের সিনেমা ‘ময়দান’ দেখতে গিয়ে জাহ্নবীর পরা একটি নেকলেসে ‘শিখু’ লেখা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এছাড়া একটি টেলিভিশন অনুষ্ঠানে কথোপকথনের সময় শিখরের নাম তার স্পিড ডায়ালে থাকার বিষয়টিও আলোচনায় আসে।
সম্প্রতি বোন অংশুলা কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে জাহ্নবী কাপুরের উপস্থিতি আবারও আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি শাড়িতে নজর কাড়েন তিনি।
তবে পোশাকের চেয়েও বেশি আলোচনায় আসে তার হাতের মেহেদির নকশা। ভক্তদের দাবি, মেহেদির নকশার মধ্যে সূক্ষ্মভাবে লেখা ছিল শিখর পাহাড়িয়ার ডাকনাম ‘শিখু’। এ নিয়েই নতুন করে শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা।
শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। তিনি একজন উদ্যোক্তা ও বিনিয়োগকারী। লন্ডনের Regent's University London থেকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। পাশাপাশি গেমিং ও অবকাঠামো খাতেও তার ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।
তবে জাহ্নবী ও শিখরের সম্পর্কের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি আপাতত ভক্তদের আগ্রহ ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।