উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অস্ত্রের মুখে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের হাত-পা বেঁধে জিম্মি করে কয়েক ঘণ্টাব্যাপী মালামাল লুটের অভিযোগ উঠেছে।
প্রতিষ্ঠানটির দাবি, দুর্বৃত্তরা দুটি ট্রাকে করে লোহার পাইল, পাইপ ও রডসহ আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকার নির্মাণসামগ্রী নিয়ে গেছে।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মুসলিমনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে অবস্থিত উষা এগ্রো ফার্ম প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় চার থেকে পাঁচ মাস আগে উষা এগ্রো ফার্মের একটি জায়গা ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন নির্মাণসামগ্রী সংরক্ষণ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান দি জিয়া অ্যান্ড ব্রাদার।
ঘটনার সময় গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী রিপন মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পকেট গেট দিয়ে হঠাৎ ৭ থেকে ৮ জন অস্ত্রধারী ব্যক্তি ভেতরে প্রবেশ করে। তাদের হাতে পিস্তল ও রামদা ছিল। তারা গেটে থাকা দুই নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আরও ১০ থেকে ১২ জন সেখানে প্রবেশ করে উপস্থিত সবাইকে একটি কনটেইনারের ভেতরে আটকে রাখে।
প্রতিষ্ঠানটির সাইট ইনচার্জ মো. ফরিদুর রেজা বলেন, নামাজ শেষে গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ৪ থেকে ৫ জন তাকে ঘিরে ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে কনটেইনারের জানালা দিয়ে তিনি দেখতে পান, দুটি ট্রাকে করে লোহার পাইল, পাইপ ও রড নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।
দি জিয়া অ্যান্ড ব্রাদারের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন দুলাল বলেন, প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে সেতু ও ভবনের পাইলিংসহ বিভিন্ন ঠিকাদারি কাজ পরিচালনা করে। কাজ শেষে ব্যবহৃত যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী সংরক্ষণের জন্য জায়গাটি ভাড়া নেওয়া হয়েছিল। তিনি বলেন, মহাসড়কে সিসিটিভি ক্যামেরা রয়েছে। পুলিশ আন্তরিকভাবে তদন্ত করলে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির হোসেন বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। দীর্ঘ সময় ধরে সংঘটিত ডাকাতির অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, জড়িতদের শনাক্ত ও আটকসহ প্রকৃত ঘটনা দ্রুত উদ্ঘাটনের চেষ্টা চলছে।