উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রাখার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, কিছু অভিবাসী দেশটির সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন।
শনিবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি দেশটির দায়িত্ব হলো—অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন এবং যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত সরকারি সহায়তার চাপ সৃষ্টি না করেন, তা নিশ্চিত করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি।
মার্কিন দূতাবাস আরও জানায়, এই স্থগিতাদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের যাচাই-বাছাই নীতি ও প্রক্রিয়াগুলো পর্যালোচনার সুযোগ পাচ্ছে, যাতে ভবিষ্যতে ভিসা ব্যবস্থাপনায় আমেরিকান নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া যায়।
তবে এ স্থগিতাদেশ অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হলেও অন্যান্য ধরনের ভিসা কার্যক্রমের বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।