উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জে ‘নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে বক্তব্য
বিভিন্ন দেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারকাজ সম্পন্ন করতে সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ইতোমধ্যে শেখ হাসিনার বিচারকাজ সম্পন্ন হয়েছে এবং তার সাজা ঘোষণা করা হয়েছে। আরও অনেক স্বৈরাচারীর বিচার সম্পন্ন হয়েছে। যারা বিদেশে পালিয়ে রয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচারকাজ সম্পন্ন করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার থেকেই শুরু হয়েছে এবং বর্তমান সরকারও তা অব্যাহত রেখেছে।”

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বাধীনতার পর এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষ করে নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, এবারের বাজেট নারীবান্ধব বাজেট। নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিশাত নাহার।সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।