উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ শহরে প্রতিপক্ষের হামলায় সিয়াম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর পেটে গুরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে শহরের ডিসি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সিয়াম মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার বাসিন্দা আসাদ বেপারির ছেলে। তিনি সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিসি পার্ক এলাকায় শহরের উত্তর ইসলামপুর ও দক্ষিণ ইসলামপুর এলাকার কয়েকজন যুবকের সঙ্গে সিয়ামের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, সিয়াম ও তাঁর বড় ভাইয়ের সঙ্গে হামলাকারীদের পাওনা টাকা, মোটরসাইকেলসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে কয়েকজন যুবক সুইচগিয়ারসহ ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।
এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং পেটে গভীর জখম হয়।
পরে স্থানীয়রা আহত সিয়ামকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা ও পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে আহত সিয়ামের সঙ্গে কথা বলা সম্ভব হলে ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে। বর্তমানে তিনি গুরুতর আহত থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
তিনি আরও জানান, হামলায় জড়িত ব্যক্তিদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।