উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজের একটি বক্তব্য নিয়ে আপত্তির পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদে একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
এর আগে বিল পাসের আলোচনায় জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা চলার সময় সংসদের সামনে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে সরকার পর্যালোচনা করেছে। তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষার সময় বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী সমস্যায় পড়েছে—এমন অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষামন্ত্রী বলেন, বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হবে।
নিজের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন,
“আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। আমি বলতে চাই, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। যদি কেউ কষ্ট পেয়ে থাকে, সিম্পলি দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।