উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনে আগুন; কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, হতাহতের খবর নেই
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় অবস্থিত অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি ফেব্রিক্স গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও গোডাউনের বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের চারটি ফায়ার স্টেশন থেকে আরও আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সব মিলিয়ে ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরা জানান, ভোরে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখার পরপরই আগুন ভয়াবহ আকার ধারণ করে। গোডাউনে বিপুল পরিমাণ ফেব্রিক্স ও দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তাপ ও ঘন ধোঁয়ার কারণে আশপাশের কারখানার শ্রমিকদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।
দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে এবং ভেতরে লুকিয়ে থাকা তাপের উৎস নির্মূল করতে ফায়ার সার্ভিস ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, গোডাউনে থাকা কোনো কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।