উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হামলায় তার সঙ্গে থাকা বিএনপির এক কর্মী আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার নিজ বাগানবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠামইন বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহেদুল আলম জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন ব্যক্তি। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।