উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাঁতারে জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কৃতি সাঁতারু ফাতিহা মাহতাব মাইশা। ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি ২০২৬ সালের সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন।
প্রতিযোগিতায় মাইশা ১০টি স্বর্ণপদক ও ১টি রৌপ্যপদক অর্জন করেছেন। পাশাপাশি গড়েছেন চারটি জাতীয় রেকর্ড। তার এমন সাফল্যে গজারিয়া তথা মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
ফাতিহা মাহতাব মাইশা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী মাহতাব উদ্দিন মাসুম ও সামছুন নাহার পপির মেয়ে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে চার দিনব্যাপী ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর মিরপুর-২-এর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের চেয়ারম্যান অ্যাডমিরাল এম নাজমুল হাসান (ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি)। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মাইশার এই সাফল্য দেশের তরুণ ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের হয়ে সুনাম বয়ে আনবেন গজারিয়ার এই প্রতিভাবান সাঁতারু।