উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরের সিংড়া উপজেলার গাড়াবাড়ি গ্রামে পূর্ব বিরোধের জেরে একটি লিজ নেওয়া মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন মাছ চাষি রনি মন্ডল।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি মন্ডল উপজেলার গাড়াবাড়ি গ্রামের নুরুল মন্ডলের ছেলে। তিনি বাড়ির পাশে প্রায় এক একর আয়তনের একটি লিজ নেওয়া পুকুরে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন।
বুধবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমিয়ে পড়েন রনি। বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে দেখেন, প্রায় সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এ দৃশ্য দেখে তিনি ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
পরে পুকুরের পানিতে এক লিটার ধারণক্ষমতার ‘শাহিন ৫৫ সিসি’ নামের কীটনাশকের তিনটি খালি বোতল ভাসতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করায় মাছগুলো মারা গেছে।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ ও মিলন হোসেন বলেন, পুকুরে কীটনাশকের খালি বোতল পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে মাছগুলো নিধন করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ক্ষতিগ্রস্ত মাছ চাষি রনি মন্ডল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই গ্রামের প্রতিপক্ষ মুজিবুর রহমান ও তার সহযোগীদের সঙ্গে পুকুরটি নিয়ে বিরোধ চলছিল। তারা বিভিন্ন সময় তাকে পুকুর ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। সব বৈধ কাগজপত্র থাকার পরও কিছুদিন আগে তাকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল। তার অভিযোগ, সেই হুমকিরই বাস্তবায়ন হিসেবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।