উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘বিএনপির ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, ১৭শ নেতাকর্মী গুম’—জাতীয় প্রেস ক্লাবে স্মরণসভায় মন্তব্য
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা যেন কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ারে পরিণত না হয়। তার মতে, জুলাইকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, বরং গণতন্ত্রকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমি মনে করি, বিরোধী দল শুধুমাত্র তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে (জুলাই সনদ) ব্যবহার করতে চায়। আমরা চাই না, জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার আরেকটি হাতিয়ারে পরিণত হোক।”
তিনি বলেন, বিএনপিকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তার দাবি, বিএনপির ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং প্রায় ১ হাজার ৭০০ নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দলের কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপি মহাসচিব বলেন, এসব বিষয় বারবার উল্লেখ করতে হয়, কারণ একটি পক্ষ এ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
গণতন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা লিবারেল ডেমোক্রেসির দিকে যেতে চাই। গণতন্ত্রে থাকতে আমাদের সমস্যা কোথায়? বিভাজনের রাজনীতি না করে আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো জাতীয় ঐক্যের চেতনা ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় গণতন্ত্রকে আরও সুসংহত করার আহ্বান জানান তিনি।
অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, আবুল কাশেম হায়দার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এম আবদুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক শেখ সাদী এবং কবি নাহিদ নজরুল।