উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশটিতে কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরাইলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইংরেজি দৈনিক ফ্রি মালয়েশিয়া টুডে-কে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযোগের তদন্ত করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।
তিনি বলেন, “আমরা যদি কোনো ইসরাইলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করব। কারণ আমরা ইসরাইলকে স্বীকৃতি দিই না।”
মালয়েশিয়া ইসরাইলকে স্বীকৃতি দেয় না। দেশটির নীতিমালা অনুযায়ী, বিশেষ অনুমতি ছাড়া সাধারণত ইসরাইলি পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয় না।
জোহর রাজ্যের একটি স্টার্টআপ কমিউনিটি নেটওয়ার্ক ও স্কুল-সংক্রান্ত অভিযোগের বিষয়ে রাজ্য সরকার ফেডারেল তদন্তের আহ্বান জানালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখা শুরু করে।
মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে এবং ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। দেশটির বর্তমান নীতির অংশ হিসেবেই ইসরাইলি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে।