উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে রাষ্ট্রীয় পর্যায়েও।
স্পেনের রাজপ্রাসাদ জানিয়েছে, জাতীয় দলকে উৎসাহ দিতে ফাইনাল ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করবেন দেশটির রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।
এর আগে চলতি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও স্পেনের রাজপরিবারের সদস্যদের জাতীয় দলের পাশে দেখা গেছে। গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন রাজা ফিলিপ।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দল শক্তিশালী রক্ষণ ও নিয়ন্ত্রিত আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রেখেছে। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে দলটি।
ছয়টি ক্লিন শিট নিয়ে বিশ্বকাপ ইতিহাসেও নতুন কীর্তি গড়েছে স্পেন। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা দলটি এখন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন পূরণ থেকে মাত্র এক ম্যাচ দূরে।
অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়। লিওনেল মেসির নেতৃত্বে লিওনেল স্কালোনির দল শক্তিশালী স্পেনের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে মাঠে নামতে প্রস্তুত।
বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দলের এই মহারণে শুধু ট্রফিই নয়, মর্যাদার লড়াইও দেখার অপেক্ষায় কোটি কোটি সমর্থক।