উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘদিন নীরব থাকার পর নিজের বিরুদ্ধে করা ২৭ হাজার টাকার শাড়ি-সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
অভিযোগ প্রত্যাখ্যান করে তিশা বলেছেন, দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের অর্জিত সুনাম একটি শাড়ির জন্য নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। একই সঙ্গে দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আদালতে হাজির হয়ে আইনিভাবেই বিষয়টির মোকাবিলা করবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত আইকনিক অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এই অভিনেত্রী।
তানজিন তিশা জানান, প্রায় ১২ থেকে ১৪ বছর ধরে তিনি মডেলিং ও অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তার দাবি, ‘সোলজার’ সিনেমার শুটিং শেষে পরদিনই তার নামে আইনি নোটিশ আসে এবং পরবর্তীতে মামলা করা হয়।
তিনি বলেন, একজন শিল্পী যখন সাফল্যের দিকে এগিয়ে যান, তখন অনেক সময় তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়।
প্রসঙ্গত, ২০২৫ সালের শেষ দিকে একটি অনলাইন ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রচারণার উদ্দেশ্যে ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটির মূল্য পরিশোধ কিংবা চুক্তি অনুযায়ী প্রচারণামূলক কাজ সম্পন্ন করেননি তিনি।
ওই মামলায় আগামী ১৩ আগস্ট তানজিন তিশাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিষয়ে তিশা বলেন, “আমি অবশ্যই আদালতে যাব। এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েও পারিনি, কারণ মামলা চলমান ছিল। দেশের প্রচলিত আইনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাব।”
তিনি আরও বলেন, “১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এত পরিশ্রম করে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ির জন্য আমি প্রতারণা করব—এটা কি বিশ্বাসযোগ্য?”
তিশা জানান, দর্শকদের ভালোবাসার কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তিনি আশা করেন, তার বক্তব্যের বিষয়টি দর্শকরা বুঝতে পারবেন।
বর্তমানে তানজিন তিশা তার প্রথম চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে ব্যস্ত রয়েছেন। সাকিব ফাহাদের পরিচালনায় ও সান মোশন পিকচার্সের প্রযোজনায় নির্মিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। চলতি বছরেই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।