উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রিটেনের লেবার পার্টির নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। শিগগিরই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।
শুক্রবার লন্ডনের কেন্দ্রস্থলে লেবার পার্টির বিশেষ সম্মেলনে ভাষণ দেন বার্নহ্যাম। এ সময় তিনি বলেন, দেশ পরিচালনার জন্য তাঁর একটি স্পষ্ট পরিকল্পনা রয়েছে।
বার্নহ্যাম বলেন, তিনি সব সময় সবকিছু নিখুঁতভাবে করতে পারেননি। বিভিন্ন সময়ে ভুল হয়েছে এবং কিছু ক্ষেত্রে ব্যর্থতাও এসেছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
ভাষণের শেষ দিকে তিনি বলেন, “আমি সবসময় আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, মানুষের কথা শুনেছেন, অভিজ্ঞতা থেকে শিখেছেন এবং সেই পথচলা তাঁকে আরও পরিণত করেছে।
লেবার পার্টির নতুন নেতা বলেন, তিনি কী বিশ্বাস করেন এবং দেশের জন্য কী করতে চান—তা তাঁর কাছে পরিষ্কার। তাঁর ভাষায়, “আমার একটি পরিকল্পনা আছে।”
তিনি ব্রিটেনে নতুন করে আশার সঞ্চার করার অঙ্গীকার করে বলেন, “আমি আপনাদের সবার ওপর বিশ্বাস রাখি এবং আমি নিশ্চিত, আমরা এটি করতে পারব।”
ভাষণ শেষে সম্মেলনে উপস্থিত লেবার পার্টির প্রতিনিধিরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
জানা গেছে, আগামী সোমবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস অ্যান্ডি বার্নহ্যামকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন। এরপর তিনি যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
সূত্র: বিবিসি