উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পবিত্র কাবা শরিফে হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুবিধার্থে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। এই উদ্যোগের ফলে তাওয়াফ ও সায়ীর সময় ভিড় সম্পর্কে আগাম ধারণা পাওয়া যাবে, যা তীর্থযাত্রীদের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (১৮ জুলাই) গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে, যার মাধ্যমে মক্কার মসজিদুল হারাম-এ তাওয়াফ ও সায়ীর নির্ধারিত এলাকাগুলোর রিয়েল-টাইম ভিড়ের তথ্য জানা যাবে। ফলে ইবাদতকারীরা তুলনামূলক কম ভিড়ের সময় ও পথ বেছে নিয়ে আরও স্বাচ্ছন্দ্যে ইবাদত পালন করতে পারবেন।
মসজিদুল হারাম ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক, তাৎক্ষণিক হালনাগাদ তথ্য এবং ভিড় এড়াতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে। এর লক্ষ্য হলো ইবাদতকারীদের অভিজ্ঞতাকে আরও নিরাপদ, সহজ ও সুশৃঙ্খল করা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিউআর (QR) কোড স্ক্যান করেই এই সেবা ব্যবহার করা যাবে। প্ল্যাটফর্মটি নিয়মিত তথ্য হালনাগাদ করবে, যাতে তীর্থযাত্রীরা সহজে চলাচল করতে পারেন এবং নির্বিঘ্নে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারেন।
সৌদি কর্তৃপক্ষের আশা, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা শুধু তীর্থযাত্রীদের সুবিধাই বাড়াবে না, একই সঙ্গে পবিত্র মসজিদ এলাকায় ভিড় ব্যবস্থাপনাও আরও কার্যকর করবে।