উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মার্কিন হামলায় ইরানের হরমুজগান প্রদেশের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামের একটি ডেসালিনেশন (সমুদ্রের পানি লবণাক্ততামুক্তকরণ) প্ল্যান্টের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষের বসবাসকারী ২০টি গ্রামের সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হামিদ হামজেহপুর এ তথ্য জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা যায়, হামজেহপুর এ ঘটনাকে ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেন।
তার ভাষ্য অনুযায়ী, হামলায় সমুদ্র থেকে পানি উত্তোলনের একটি পাম্পিং স্টেশন এবং বুঞ্জি ডেসালিনেশন প্ল্যান্টের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে পুরো এলাকার সুপেয় পানি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। তবে কবে নাগাদ পানি সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: মিডল ইস্ট আই